গেট দখলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩ শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত কর্মীরা। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া একজনকে সাময়িক বহিষ্কার ও ২ জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জবি ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয় পরিবহন বাসের গেটে দাঁড়ানোকে কেন্দ্র করে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র লিয়েনের সঙ্গে বাকবিতন্ডা হয় ছাত্রলীগ নামধারী কয়েকজন ছাত্রের। এসময় লিয়েনকে দেখে নেবে বলে শাসায় ছাত্রলীগ কর্মীরা।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রফিক ভবনের সামনে লিয়েন,ভূগোল ও পরিবেশ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার ও রাসেলের সঙ্গে বাক-বিতণ্ডা হয় ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত কর্মী তরিকুল,রুবেল ও রিশাদের। তরিকুল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র, রিশাদ তৃতীয় বর্ষের এবং রুবেল গণিত বিভাগের শেষ বর্ষের ছাত্র। এক পর্যায়ে লিয়েনকে মারধর শুরু করে তারা। পাশে দাঁড়ানো ছাত্রলীগ কর্মী তুশান,সাব্বির,রিমন,নিউটনসহ ৭-৮ জন ছাত্রলীগ কর্মী তাদের সাথে যোগ দেন। তারা সবাই ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এতে লিয়েন,শাহরিয়ার ও রাসেল আহত হন। তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান জবি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের প্রিন্স।
এদিকে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন গ্রুপের কর্মীরা। জবি ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শিশিরের নেতৃত্বে বিশ থেকে ২৫ জন ছাত্রলীগ কর্মী লাঠি ও হকিস্টিক নিয়ে ধাওয়া দিয়ে বহিষ্কৃতদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. মহিউদ্দিন (মাহি) তাদেরকে ফিরিয়ে দেন। ওই শিক্ষকের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের উতপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় শিশিরকে জবি ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার ও সাংগঠনিক সম্পাদক আগুন এবং তানভিরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জবি ছাত্রলীগ।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন,যারা ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত তাদের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ব্যাবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি।
জবি প্রক্টর ড. অশোক কুমার সাহা বলেন,আহতদের লিখিত অভিযোগ উপাচার্য দফতরে পাঠানো হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
জবিতে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, বহিষ্কার ১
গেট দখলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩ শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত কর্মীরা। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে





