রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছে ছাত্রদল।
সোমবার রাত ১২টার দিকে এ ধর্মঘটের ঘোষণা দেন রাবি ছাত্রদের সহসভাপতি আসাদুজ্জামান অলিন।
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতিসহ ১৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাংগঠনিক বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নাজমুল হক, ছাত্রদল নেতা পাপন, কর্মী জাকারিয়া আহমেদ জনিসহ মোট ১৭জন নেতা-কর্মী।
এ আটকের প্রতিবাদে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে ধর্মঘটের আহ্বান করে রাবি শাখা ছাত্রদল। নেতা-কর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আহসানুজ্জামান অলিন বিষয়টি নিশ্চিত করেন।
এসএইচ





