কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) প্রশাসনিক ভবনে তালা দিয়ে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা ভিসি ও প্রো-ভিসিসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শাহিনূর রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে ভিসি অধ্যাপক ড. আবদুল হাকিমসহ তাদের আটকে রাখা হয়েছে।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরাই সকালে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়ে সবাইকে অবরুদ্ধ করে।’
এর আগে গতকাল সোমবারও একই দাবিতে আন্দোলন করে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। তাদের প্রতিরোধের মুখে টানা দুদিন ক্যাম্পাসে কোনো বাস আসতে পারেনি।
এতে করে পাঁচটি বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর মঙ্গলবার অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষাও স্থগিত করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকেই ছাত্রলীগের সাবেক নেতা আশিকুর রহমান জাপান, তৌহিদুর রহমান হিটলার, মো. আলী শিমুল, লেলিন, তুর্কী, রাসেল জোয়ার্দার, ইলিয়াস জোয়ার্দারসহ ১০/১২ জন সাবেক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নেয়।
এ সময় অর্থনীতি বিভাগে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে আসা প্রার্থীদের প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেয় এসব নেতাকর্মীরা।
তবে চাকরি প্রত্যাশার অভিযোগ অস্বীকার করে সাবেক ছাত্রলীগের কার্যকরি সদস্য আশিকুর রহমান জাপান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছি।’
এমকে





