জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের তিন জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণিত বিভাগের সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে নবম ব্যাচের কয়েক শিক্ষার্থীর সঙ্গে সপ্তম ব্যাচের কয়েক জনের হাতাহাতি হয়। এর জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলামের অনুসারী লিখন, তরিকুল, রাসেলসহ ৭-৮ জন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামের অনুসারী শাহ আলমকে পিটিয়ে আহত করে।
এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদকের অনুসারীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তরিকুল ও রাসেলকে পিটিয়ে আহত করে। এর পর সভাপতি গ্রুপের কর্মীরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনেই অপর পক্ষ তাদের ধাওয়া করে।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছে বলে শুনেছি। অনাকাঙ্কিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





