ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ার পরিক্ষা দিতে এসে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছে এক ছাত্রদলকর্মী।
সোমবার দুপুরে ঢাবি সামাজিক বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা দিতে এসেছিলেন রায়হান আরিফ। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কবি জসিম উদ্দিন হলের শান্তি ও সংঘর্ষ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও হলের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রমজান আলীসহ ছাত্রলীগের কয়েকজন কর্মী তাকে পরিক্ষার হলের সামনে থেকে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে ধরে নিয়ে যায়।
এ সময় ছাত্রলীগের কর্মীরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। তখন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কয়েকজন শিক্ষক বিষয়টি জানতে চাইলে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও লাঞ্ছিত করে।
শিক্ষকদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।
ছাত্রলীগের দাবি ওই শিক্ষার্থী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে যদি পূর্বে কোনো অভিযোগ থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি কোনো অভিযোগ না থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।