এমনিতেই রাখঢাক রেখে কথা বলতে অভ্যস্ত নন বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত। নানা সময়ে বিভিন্ন মন্তব্য করে প্রায়ই আলোচনায় চলে আসেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের প্রতিবেদনে জানা যায়, পুরুষ অভিনেতারা কীভাবে ২০-২৫ বছরের ছোট অভিনেত্রীদের সঙ্গে পর্দায় রোমান্স করেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এখানেই শেষ নয়, বলিউড সুপারস্টার শাহরুখ খান ও হৃতিক রোশনের সঙ্গে রোমান্স করতে না পারায় আক্ষেপও আছে তাঁর।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখোমুখি হন নীনা। সেখানে তিনি বলেন, ‘আমার ভীষণ ইচ্ছে করে একসময় আমি হৃতিকের বিপরীতে কাজ করব। কিন্তু কেন আমি শাহরুখ-হৃতিকের বিপরীতে কাজ করতে পারি না? আমি রণবীর কাপুরের কথা বলছি না। অতটা বোকা আমি নই। কেননা, তাঁরা বয়সে বিশ থেকে পঁচিশ বছরের ছোট অভিনেত্রীর বিপরীতে কাজ করেন।’
নীনা আরো বলেন, ‘আমি রণবীরের সঙ্গেও রোমান্স করতে পারি (হেসে)। কিন্তু এটি হতে আমাদের দেশে আরো অনেক সময় লাগবে।’
নীনা ভারতের ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় মুখ। অসাধারণ অভিনয়দক্ষতা দিয়ে তিনি এরই মধ্যে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।
এএস





