আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার ১৯৫৩ সালের আজ জন্মদিন। গত কয়েক বছর একমাত্র ছেলে অনিকের সঙ্গে কানাডায় জন্মদিন উদযাপন করলেও এবার তিনি ঢাকাতেই দিনটি পালন করবেন। জন্মদিনের শুভ প্রহর শুরু হবে ছেলে অনিকের সঙ্গে কথা বলে। এমনটিই জানান তিনি।
তার বাবা নিজামুদ্দীন আতাউব ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা বি জে আরা ছিলেন চিকিৎসক। ববিতার পৈতৃক বাড়ি যশোর জেলায় হলেও বাবার চাকরি সূত্রে বাগেরহাট থাকতেন তারা। তার শৈশব ও কৈশোরের শুরু সময়টা কেটেছে যশোর শহরে।
ববিতার ছোট বোন চম্পা, বড় বোন সুচন্দার মেয়ে দেশের বাইরে থাকায় ঘটা করে জন্মদিন পালন করছেন না তিনি।
শিক্ষাজীবনে খুব বেশি দূর না যেতে পারলেও বড়বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে পা রাখেন ববিতা। ১৯৬৮ সালে শিশুশিল্পী হিসেবে জহির রায়হান পরিচালিত ‘সংসার’ সিনেমার মাধ্যমে আত্নপ্রকাশ করেন তিনি।
চলচ্চিত্র জগতে তার প্রাথমিক নাম ছিলো ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ সিনেমাতে অভিনয় করতে গিয়েই তার হয়ে যায় ‘ববিতা’। ১৯৬৯ সালেই নায়িকা হিসেবে আত্নপ্রকাশ করেন ববিতা।
তিনি অভিনয় করেছেন অসংখ্য সিনেমাতে। ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়বার বাচসাস পুরস্কার এবং একাধিক আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
অভিনয়ে আর ফিরবেন না?
জবাবে তিনি বলেন, অভিনয়ে তো ফিরতেই চাই। সে রকম গল্প নিয়ে কেউ এগিয়ে আসছে না। তাই অভিনয়ে আমাকে দেখা যায় না। ভালো কাজের ক্ষুধা সবসময় তাড়িয়ে বেড়ায়। আর অভিনয় থেকে শিল্পীর বিদায় বলতে কিছু নেই। মৃত্যুর আগ পর্যন্ত একজন শিল্পী অভিনয় করতে পারেন।
এএস





