মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ফিল্মপাড়াখ্যাত কাকরাইলে র্যাব-৩ এক অভিযান চালিয়েছে। ‘অশ্লীল ছবি সংরক্ষণ ও সরবারহ’র অভিযোগে তারা ‘স্বর্ণা প্রোডাকশন’ এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
‘স্বর্ণা প্রোডাকশন’ থেকে ওরা নিষিদ্ধ, অন্ধকারে রাজনীতি, কিলার ফিশ এই তিনটি ছবির অশ্লীল পোস্টার, অশ্লীল সিনেমার কাটপিসসহ একটি কম্পিউটার, তিনটি হার্ডডিস্ক, তিনটি পেনড্রাইভ উদ্ধার করে র্যাব।
‘অশ্লীল ছবি সংরক্ষণ ও সরবরাহ’র জন্য ম্যানেজার লিটন মৃধাকে তিনমাসের জেল ও দশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আনাদয়ে আরও একমাসের জেল প্রদান করা হয়। লিটনের সহকারী সুমন বিশ্বাসকেও একমাসের জেল দেওয়া হয়।
অভিযানে অংশ নেওয়া সহকারী পুলিশ সুপার শামীমা ইয়াসমিন জানান, তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছেন। যদিও কাকরাইলের আরও কিছু হাউজের বিরুদ্ধেও অভিযোগ আছে। কিন্তু তারা অন্য কোন হাউজে অভিযান চালাননি।
উল্লেখ্য, ‘স্বর্ণা প্রোডাকশন’ থেকে ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘ভালো আমাকে ভাসতেই হবে’ ছবিটি পরিবেশিত হচ্ছে। তবে ওই ছবির বিরুদ্ধে এই অভিযান ছিল না এবং ছবিটির কোনকিছুই জব্দ করেনি বলে র্যাব নিশ্চিত করেছে।
প্রডাকশন হাউজটি থেকে জানানো হয়েছে তারা জরিমানার টাকা পরিশোধ করে দিয়েছে। তবে ‘ভালো আমাকে ভাসতেই হবে’ ছবিটি আপাতত মুক্তি দিচ্ছে না।
জেআই





