বাংলা চলচ্চিত্রে গত দুই বছরে যে কটি ছবি ব্যবসাসফল হিসেবে সর্বাধিক আলোচিত তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেহরক্ষী ও পোড়ামন।
ছবি দুটি পরিচালনা করেছেন যথাক্রমে ইফতেখার চৌধুরী ও জাকির হোসেন রাজু। দুটি ছবিতেই নায়ক হিসেবে ছিলেন আনিসুর রহমান মিলন। এর মধ্যে দেহরক্ষী ছবিতে মিলনের নায়িকা ববি। যদিও এই ছবির পরে ববি অভিনীত আরও তিনটি ছবি মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলো রাজু চৌধুরী পরিচালিত ইঞ্চি ইঞ্চি প্রেম, মালেক আফসারির পরিচালনায় ফুল এন্ড ফাইনাল এবং ইফতেখার চৌধুরী পরিচালিত রাজত্ব।
কিন্তু আফসোস যে, ছবিগুলোর একটিও আশা পূরণ করেনি। উপায় না দেখে দুই নায়িকার ছবিতে অভিনয় করতে থাকেন ববি। তার মধ্যে সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছে বদিউল আলম খোকনের পরিচালনায় হিরো-দ্য সুপারস্টার এবং মোহাম্মদ হোসেনের পরিচালনায় আই ডোন্ট কেয়ার। শাকিব খান ও বাপ্পীকে নায়ক করে ছবিগুলোতে অপু বিশ্বাস ও নিপুণের সঙ্গে আরও একজন নায়িকা হিসেবে ববি অভিনয় করেছেন।
ধারাবাহিকতায় আবারও দুই নায়িকার ছবিতে অভিনয় করছেন ববি। ছবির নাম ব্ল্যাকমেইল। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এই ছবির আরেকজন নায়িকা হিসেবে আছেন টেলিভিশন অভিনেত্রী মৌসুমী হামিদ। বাণিজ্যিক চলচ্চিত্রে এবারই তার প্রথম অভিনয়। এর আগে অনিমেষ আইচের পরিচালনায় না মানুষ, প্রশান্ত অধিকারীর পরিচালনায় হাডসনের বন্দুক ও আবু শাহেদ ইমনের পরিচালনায় জালালের পিতাগণ ছবি তিনটিতে অভিনয় করলেও সম্ভবত ব্ল্যাকমেইলই তার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে।
টানা শুটিংয়ে এরই মধ্যে ছবির গল্পের দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে নেপালে ছবির গানের দৃশ্যায়ন চলছে। এ উদ্দেশে শনিবার ঢাকা ছেড়েছেন মিলন, ববি ও মৌসুমী হামিদ। জানা যায়, ব্ল্যাকমেইল ছবির তিনটি গানের দৃশ্যধারণ হবে সেখানে। গান তিনটি নির্মাণ হচ্ছে যথাক্রমে মিলন-ববি-মৌসুমী, মিলন-ববি ও মিলন-মৌসুমীকে নিয়ে।
মিলন বলেন, এ ছবিটি আমার সাম্প্রতিক অভিনীত ভাল কাজের একটি। পাশাপাশি দুই নায়িকা ববি ও মৌসুমীর বিপরীতে একক নায়ক হয়ে এটিই আমার প্রথম কাজ। ছবিটি নিয়ে আশা আছে অনেক।
ববি বলেন, ছবির গানগুলো খুব সুন্দর। এছাড়া আমার সাম্প্রতিক অ্যাকশন মুভির মধ্যে এটি অন্যতম।
মৌসুমী হামিদ বলেন, আমার আমি কমার্শিয়াল অথবা নাচ গানের ছবিতে অভিনয় করছি। একই সঙ্গে ছবিতে আমার চরিত্র লেডি অ্যাকশন টাইপের। সেই সঙ্গে গানের শুটিংয়ে নেপালে যাচ্ছি। সব মিলিয়ে আলাদা তৃপ্তি পাচ্ছি।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





