বাংলাদেশর চলচ্চিত্রের কিংবদন্তী খল অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে আজকের এই দিনে রুপালি পর্দার শক্তিমান এ অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তার গ্রামের বাড়ি ছিল পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রয়াত এই দর্শকপ্রিয় খল অভিনেতা। বাংলা সিনেমায় অভিনয়শিল্পীদের কাছে রাজীব এখনো আইডল।

চলচ্চিত্রে খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাজীব।

১৯৮২ সালে কাজী হায়াৎ-এর ‘খোকন সোনা’ নামের একটি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজীবের।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’,‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘বুকের ভেতর আগুন’, ‘দাঙ্গা’ প্রভৃতি।

উল্লেখ্য, ১৯৫২ সালের ১লা জানুয়ারি বাংলাদেশের অন্যতম সফল খলনায়ক রাজীব পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। চিত্রপরিচালক কাজী হায়াতের ‘খোকন সোনা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন রাজীব। তাঁর অভিনয় দক্ষতা, ভরাট কণ্ঠস্বর ছিল অনন্য বৈশিষ্ঠ। রাজীবের চোখের ব্যবহার ছিল দুর্দান্ত।

এএস