আগামী ৯ নভেম্বর থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা ফোক ফেস্ট-২০১৭’। বুধবার থেকে শুরু হয়েছে অনলাইনে নিবন্ধন। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন।
আগেরবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এ জন্য dhakainternationalfolkfest.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল-কলেজের পরিচয়পত্রের প্রয়োজন হবে। নিবন্ধন-পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তিন দিনের উৎসবের জন্য তিনটি প্রবেশ পাস সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট তারিখের পাস নিয়ে উৎসবস্থলে উপস্থিত হওয়া যাবে।
উৎসবে নেয়া হবে কড়া নিরাপত্তাব্যবস্থা। কেউ কোনো ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারবে না।
অনুষ্ঠান থেকে রাত ১০টার পর একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবে না। অনূর্ধ্ব-১০ বছরের শিশু অনুষ্ঠানে ঢুকতে পারবে না। প্রত্যেককে নিজের সঙ্গে পরিচয়পত্র রাখার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এএস





