গণমাধ্যমের সঙ্গে হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানের সম্পর্কটা তিক্ত-মধুর। এবার চিত্রসাংবাদিকদের সঙ্গে নতুন তিক্ততায় জড়িয়েছেন সালমান। আর সে জন্য তাদের বয়কটের মুখেও পড়তে পারেন এই অভিনেতা।

১১ জুলাই সালমান তার নতুন সিনেমা 'কিক'-এর আইটেম গান 'ডেভিল'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর সে অনুষ্ঠানেই বিপত্তির শুরু।

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে, সেদিন সংবাদ সম্মেলনে সালমানের ছবি তোলার সময় চিত্রগ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে ‘দাবাং’ খানের দেহরক্ষীদের বিরুদ্ধে।

এক পর্যায়ে কয়েকজন সাংবাদিককে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন সালমান। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে সালমানকে বয়কট করার সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
অবশ্য এ ঘটনায় মোটেও দুঃখিত নন সালমান। জানালেন, বরং খুশিই হয়েছেন তিনি।

সেদিন সালমান টুইট করেন, “আমার মনে হয় এটাই সঠিক প্রতিবাদ। ফটোগ্রাফাররা ভাল করেই জানেন, আমাকে বয়কট করার পর তারা তাদের চাকরি হারাবেন। কিন্তু এরপরও তারা এই ঝুঁকি নিতে রাজি হয়েছেন।”

তিনি আরও লেখেন, “ফটোগ্রাফারদের প্রতি আমার সম্মান আরও বেড়ে যাবে, যদি তারা এই প্রতিবাদ চালিয়ে যান।”

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই