সাউন্ড অফ মিউজিক খ্যাত মার্কিন অভিনেত্রী চার্মিয়ান কার মারা গেছেন। রবিবার ৭৩ বছর বয়সে মারা যান ভন ট্র্যাপের বড় মেয়ে লিসেল এর ভূমিকায় অভিনয় করা এই তারকা।
তার মুখপাত্র জানান, লস এঞ্জেলেসে ডেমেন্সিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান চার্মিয়ান। ১৯৬৫ সালে সাউন্ড অফ মিউজিকে এ সিক্সটিন গোয়িং অন সেভেন্টিন গানটি গেয়ে ব্যপক খ্যাতি লাভ করেন এই অভিনেত্রী।
তবে খুব বেশি দিন অভিনয় করেননি চার্মিয়ান। অভিনয় ছেড়ে ক্যালিফোর্নিয়ায় ইনটেরিয়র ডিজাইন ফার্ম খোলেন তিনি।
অল্পদিনের ক্যারিয়ারেই সাউন্ড অফ মিউজিক দিয়ে মাত করেন চার্মিয়ান। পরে লিসি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে দুটো বই লেখেন তিনি। নাম ছিল ‘ফরেভার লিসি’ এবং ‘লেটারস টু লেসি’।
ভন ট্র্যাপের মেয়ে বাস্তবের লিসি ২০১০ সালে ৯৭ বছর বয়সে মারা যান।
সাউন্ড অফ মিউজিক চলচ্চিত্রটি সেসময়ের সর্বাধিক আয়কৃত ছবির শীর্ষে ছিল। ভন ট্রাপের পারিবারিক গানের দল ও নাৎষীদের হাত থেকে পলায়নের সত্য ঘটনা অবলম্বনে রিচার্ড রজার্স ও অস্কার হার্মেস্টাইন ব্রডওয়ের জন্যে এ নাটকটি লেখেন। ব্রডওয়ের হিট প্রযোজনাকেই রবার্ট ওয়াইজ চলচ্চিত্রে আনেন।
ছবিটির কেন্দ্রীয় অভিনেত্রী জুলি এন্ড্রূসের কোন ছবি তখনও মুক্তি পায়নি। প্রযোজক ওয়াল্ট ডিজনি স্টুডিওতে গিয়ে জুলির মুক্তি প্রতীক্ষিত ছবি মেরি পপিন দেখার সাথে সাথেই তাকে নির্বাচিত করেন।
ভন ট্রাপ ভিলা, বলরুম সব স্টুডিওতেই তৈরি হয়েছিলো। বলরুমটি চলচ্চিত্র শিল্প নির্দেশনার এতো সুন্দর হয়েছিল যে এই পুরো সেটটি হলিউড মিউজিয়ামে দান করা হয়েছে।
এ ছবির সাফল্য অনেক সমালোচকের ভাল লাগেনি। ম্যাক কল ম্যাগাজিনের বিখ্যাত চিত্র সমালোচক পলিন কেল এ ছবিকে, ‘চিনি-মেশানো মিথ্যা যা লোকে খেতে পছন্দ করে’ বলেছেন।
তিনি আরও বলেন, ‘আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি এবং নন্দনতাত্তিক্ব ভাবে নির্বোধ হয়ে গেছি এই ছবির লক্ষ্মী-লক্ষ্মী গান শুনতে শুনতে।’তবে এই টাইপের সমালোচনার জন্য তিনি চাকরি হারান।
সূত্র: বিবিসি
এম এ





