রাজধানী ঢাকাইয়া সিনেমার উত্থান-পতনের সাক্ষী ‘রাজমনি’ সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে। সিনেমা ব্যবসায়ে ধ্বস নামায় বন্ধ হয়ে যাচ্ছে ১৯৮৩ সালে নির্মিত হলটি।
রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলা হবে হলটি।
রাজমনি হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাইপো মোহাম্মাদ শহীদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
শহীদুল্লাহ বলেন, দেশের সিনেমার অবস্থা খুব খারাপ। লাভের মুখ দেখা যাচ্ছেই না। একের পর এক লোকসান দিয়ে এভাবে হলটি আর চালানো সম্ভব হল না। তাই ভেঙে ফেলার সিদ্ধান্ত নিতে হলো।
তিনি জানান, খুব দ্রুত সিনেমা হলের জায়গায় বহুতল করপোরেট ভবন নির্মিত হবে। হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।
তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। এরইমধ্যে চাউর হয়েছে রাজমনি হল ভেঙে সেখানে একটি সিনেপ্লেক্স করা হবে। বিষয়টি গুজব দাবি করে মোহাম্মাদ শহীদুল্লাহ।
তিনি বলেন, এখানে কোনো সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে মাত্র। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা অন্য ব্যাপার। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।
এমবি





