বলিউড অভিনেত্রী সানি লিওনিকে বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে। সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই বিক্ষোভ নামের একটি ছবির আইটেম গানে নাচার জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে বলে মুম্বাই থেকে জানিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি।
এ খবরটি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং ‘বিক্ষোভ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি।
বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজন আছেন মুম্বাই। সেখান থেকে তারা জানিয়েছেন, সোমবার সানি লিওনের সঙ্গে মিটিং করেছেন।
নির্মাতা রনি জানান, বিক্ষোভ এর আইটেম গানে সানি লিওন থাকবেন এটি নিশ্চিত। ছবিতে তাকে চূড়ান্ত করে সানি লিওনের একটি ভিডিও ক্লিপও চ্যানেল আই অনলাইনকে পাঠিয়েছেন সেলিম খান।
কয়েক সেকেন্ডের ওই ভিডিও বার্তায় সানি জানিয়েছেন, সেলিম খানের প্রযোজিত ছবিতে তিনি পারফর্ম করতে চলেছেন।
এদিকে রনি আগেই জানিয়ে ছিলেন যে, ‘বিক্ষোভ’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তী। তার বিপরীতে কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বর মাসেই ‘বিক্ষোভ’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে বলেও জানান রনি। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।
শামীম আহমেদ রনীর গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। জানা যায়, ঢাকার রাজপথে সড়ক দুর্ঘটনা নিয়ে বিক্ষোভ ছবির প্রেক্ষাপট।
এএস





