পশ্চিম আকাশে কে যেন গোলাপের পাঁপড়ি ছড়িয়ে দিয়েছে। আকাশের এমন রঙ দেখতে দেখতে বুধবার সন্ধ্যায় প্রবেশ করলাম বিএফডিসিতে। ৩০ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন। এ কারণেই এফডিসি চত্বরে শিল্পীদের সমাগম বেশ চোখে পড়ার মতো। নির্বাচনের খোঁজ নিতে গিয়ে নতুন একটি গুঞ্জনে কান খাড়া হয়ে গেল। ভোটের গুঞ্জন নয়, শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন।
শোনা গেল শাকিব-অপু ৩ নম্বর ফ্লোরে আছেন। ফ্লোরের সামনে বেশ সাজসজ্জা নিয়ে কয়েকজন শিল্পী ঘোরাঘুরি করছেন। ভেতরে প্রবেশ করতেই তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল। ৩ নম্বর ফ্লোরজুড়ে বিয়েবাড়ির আয়োজন। সারি সারি টেবিল-চেয়ার, মুখোমুখি বর-কনের মঞ্চ।
কনে সেজে বসে আছেন অপু বিশ্বাস। পাশে আছেন কনের বান্ধবীসহ আরও লোকজন। মনে হচ্ছে সবাই বরের অপেক্ষায় আছেন। শাকিব খান এলেই বিয়ে পড়ানো হবে। এর মধ্যেই পরিচালক মনতাজুর রহমান আকবরের সঙ্গে আলাপ হল। হাসিমুখে বললেন, “আজ শাকিব-অপুর বিয়ে। ‘মাই ডার্লিং’ চলচ্চিত্রের চিত্রায়নের কাজ চলছে। শাকিবের সঙ্গে অপুর বিয়ের একটি দৃশ্য ধারণ করা হচ্ছে।”
অপু বিশ্বাসের বেশকিছু শট নিতে নিতে শাকিব খান এসে হাজির। বরযাত্রীরও বেশকিছু দৃশ্য ধারণ করা হল।
মনতাজুর রহমান আকবর আরও বলেন, “রোমান্টিক-এ্যাকশন ধাঁচের চলচ্চিত্র ‘মাই ডার্লিং’। অনেক দিন পরে শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছি। চলচ্চিত্রের গল্প নিয়ে বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, দর্শক নতুন কিছু খুঁজে পাবেন।”
মনিরুজ্জামান প্রযোজিত ও মাহিন ফিল্মসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- অমিত হাসান, প্রবীর মিত্র, মাহমুদুল ইসলাম মিঠু, রেহানা জলি, কাবিলা প্রমুখ। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
জেআই





