ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নেক্সট লেভেল-এর বাংলাদেশ দলে আছেন চার হিপহপ শিল্পী। তারা হলেন গ্যাব্রিয়েল আশেরু বেন (এমসি), আন্দ্রে ডিজে এ-মাইনর বার্ডেন, গায়িকা, গীতিকার ও প্রযোজক জসলিন এলিস, হিপহপ নাচিয়ে এবং নৃত্য পরিচালক আমিরাহ স্যাকেট। এই চার শিল্পী ৮ থেকে ১৭ নভেম্বর ঢাকা সফর করবেন।
নেক্সট লেভেল কর্মসূচির আওতায় সাংস্কৃতিক বিনিময় ও সমস্যা সমাধানসহ নানা উদ্যোগকে উৎসাহিত করতে আমেরিকান হিপহপ শিল্পীদেরকে বিদেশে পাঠানো হয়। এরই অংশ হিসেবে দলটি এসেছে। এখানকার শিল্পী ও সংগীতজ্ঞদের সঙ্গে পৃথকভাবে কাজ করা ছাড়াও বিভিন্ন কর্মশালা ও সংগীত পরিবেশনায় অংশগ্রহণ করবেন চার মার্কিন।
রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে নেক্সট লেভেলের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায়। ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংগীত পরিবেশন করবে।
দর্শকরা এ অনুষ্ঠানের প্রবেশপত্র বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন ইএমকে সেন্টার (মাইডাস সেন্টার, প্লট -৫, নবম তলা, রোডঃ ২৭, ধানমন্ডি), পিজ্জা হাট (ধানমন্ডি), আলিয়ঁস ফ্রঁসেজ (ধানমন্ডি), গ্লোরিয়া জিন্স কফি (গুলশান), কেএফসি (বনানী) এবং আমেরিকান সেন্টার (বারিধারা) থেকে।
জেআই





