সাক্ষাৎকারের শুরুতে 'ডিসেম্বরের প্রায় প্রতিটি দিন কনসার্ট ছিল। এ মাসেও কনসার্ট নিয়ে অনেক ব্যস্ত। দম ফেলার সময় নেই।’
এ কথাগুলো বললেন সংগীতশিল্পী লিজা। নতুন বছরে নতুন পরিকল্পনা ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সংগীত তারকা।
শুনলাম বিশ্রাম নেওয়ারও নাকি সময় পাচ্ছেন না?
একদম ঠিক শুনেছেন। একটার পর একটা কনসার্ট হচ্ছে। কখনো টিভি অনুষ্ঠানে, আবার কখনো বাইরের ইভেন্টে। তবে এবার কনসার্টগুলো দেশের মধ্যে ঢাকার আশপাশে করার চেষ্টা করছি। ১১ ও ১৯ তারিখেও দুটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ গানের অনুষ্ঠান আছে আমার।
ব্যস্ততা কি উপভোগ করছেন?
এক অর্থে অবশ্যই করছি। বাইরে কনসার্ট করলে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি জানা যায়। তাঁদের অনুভূতি আরো ভালো বুঝতে পারি।
কনসার্টে কী ধরনের গানের অনুরোধ আসে?
সব ধরনের গানের রিকোয়েস্ট পাই। তবে আইটেম নাম্বার ও রোমান্টিক গান দর্শক-শ্রোতা বেশি পছন্দ করে।
আপনি তো নিজেই নিজের গানের মডেল করেন। নতুন গানের মডেল কবে হচ্ছেন?
শিগগিরই।গানের নাম ‘নীল নীল আসমানি’। গানের কথা ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। এ মাসের ১৫ ও ১৬ তারিখ গানের শুটিংয়ে অংশ নেব।
গানের শুটিং স্টুডিওতে হবে নাকি বাইরে?
স্টুডিও কিংবা ঢাকায়ও করছি না। শুটিং হবে সিলেটের বিভিন্ন লোকেশনে। সিলেটে প্রথমবার মিউজিক ভিডিওর শুটিং করছি। আমি উচ্ছ্বসিত।
নতুন বছরে নতুন পরিকল্পনা আছে কি?
সেভাবে ভাবার সময় এখনো পাইনি। তবে নতুন নতুন গান শ্রোতাদের উপহার দেবো, এটা নিশ্চিত।
এএস





