সঙ্গীতশিল্পী মিলার স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।
মারধর ও যৌতুকের অভিযোগে করা মামলায় তদন্ত শেষে রোববার ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে এ চার্জশিট উপস্থাপন করা হয়। আদালত তা দেখে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সিএমএম বরাবর পাঠান।
গত বছরের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে এ মামলাটি দায়ের করেন মিলা।
মামলার নম্বর ৪(১০)২০১৭। নারী নির্যাতন দমন আইনে ১১ (খ) ও ১১ (গ) এবং ৫০৬ ধারায় মামলা হয়েছে। এর পরপরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।
পপ গায়িকা মিলা ১০ বছর প্রেমের পর গত বছরের ১২মে পারিবারিকভাবে পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারভেজ সানজারি একজন পাইলট।
বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনসে পাইলট হিসেবে কর্মরত। এর আগে ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর ফাইটার পাইলট।
মামলার বিষয়ে মিলা বলেন, ‘আমি তার কাছ থেকে শুধু মানসিক নির্যাতনই নয়, শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছি। শেষে আমি বুঝতে পারলাম, অনেক হয়েছে।’
‘আমি নির্যাতিত হয়ে থাকতে পারি না; যেখানে অনেক তরুণীরাই আমাকে রোল মডেল হিসেবে দেখে। নিজের ভাগ্য নিজের হাতে নিয়ে আমাকে এই দুরবস্থা থেকে বের হতে হয়েছে।’- বললেন মিলা।
এএস





