সৃজিত মুখার্জি পরিচালিত ‘বাইশে শ্রাবণ’ ২০১১ সালে ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার ছবিটির সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ আসছে।

এই সময়ে আরো বেশকিছু নন্দিত কাজ উপহার দিয়েছেন টালিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জি। তবে সাড়া জাগানো ছবিটির সিক্যুয়েল দেখতে ভক্তদের করতে হয়েছে দীর্ঘ প্রতীক্ষা।

এবার অবশ্য সুসংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। এর প্রতিবেদনে জানা যায়, গভীর রহস্য নিয়ে দর্শকের সামনে আসবে ‘দ্বিতীয় পুরুষ’। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেইলার।

২০১১ তে মুক্তি পাওয়া ‘২২শে শ্রাবণ’ দাগ কেটেছিল অগণিত দর্শকের মনে। এবার ‘দ্বিতীয় পুরুষ’-এর ট্রেইলার দেখে অনেকে আঁচ করছেন, ওই ছবির ধারবাহিকতা বেশ ভালোভাবেই বজায় রাখবে এটি। ক্রাইম থ্রিলার হিসেবে বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে ছবিটি, তা এখন দেখার পালা।

‘দ্বিতীয় পুরুষ’-এর ট্রেইলারে উঠে এসেছে রহস্যের ঘনঘটায় মোড়া গল্প। একের পর এক খুনের ঘটনা যে কারোর মনে দাগ কাটবে। আর এই খুনের ধরন ঠিক নয় বছর আগের ‘২২শে শ্রাবণ’ ছবির কায়দাতেই। তবে শুধুই সিরিয়াল কিলিংয়ের গল্প আর রহস্যই নয়।

ছবিতে রয়েছে গোয়েন্দা অভিজিৎ পাকরাশির (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে অমৃতা (রাইমা সেন)-এর সুন্দর একটি প্রেমের গল্পও।

তবে পরমব্রত-রাইমার প্রেমের মাঝে ‘দ্বিতীয় পুরুষ’ হয়ে রাইমার জীবনে ঢুকে পড়তে দেখা যায় আবির চট্টোপাধ্যায়কে। এখন দেখার বিষয়, মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি বক্স অফিসে কেমন সাফল্য পায়।

এএস