পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি।

‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ নামের ওই ছবিতে নুসরাত ইমরোজ তিশাও অভিনয় করবেন বলে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ফারুকী।

মার্কিন বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’তে প্রকাশিত হয়েছে পরিচালক ফারুকীর ‘স্যাটারডে আফটারনুন’ এর খবর।

বাংলাদেশ-ভারত-জার্মানের যৌথ প্রযোজনায় তৈরি হতে যাওয়া ছবির শুটিং শুরু হবে এ বছর ডিসেম্বর মাসে। বাজেট ধরা হয়েছে চার কোটি টাকা।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারতের কলকাতার শ্যাম সুন্দর দে।

মঙ্গলবার দুপুরে ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, অস্কারে মনোনয়ন পাওয়া এবং অ্যাপসাজয়ী “ওমার” (২০১৩) আমার অনেক পছন্দের ছবি। এই ছবির তারেক চরিত্রে অভিনয় করা ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি আমার পছন্দের অভিনেতা।

তিশা তো আমার সবচেয়ে বড় নির্ভর করার মতো অভিনয়শিল্পী। যাকে নিলে আমার কোনো দুশ্চিন্তাই করতে হয় না অভিনয় নিয়ে।

ফিলিস্তিনি তারকা অভিনেতা ইয়াদ হুরানির 'ওমার' ছবি মুক্তি পায় ২০১৪ সালে। এ ছবিতে দর্শক নন্দিত অভিনয়ে নজর কাড়েন তিনি । এছাড়াও তার অভিনীতি সিনেমা হলো-র‌্যাটেল দ্য কেজ, দ্য আইডল, দ্য প্যারট।

স্ট্যাটাসে ফারুকী বলেন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচন চলছে। কিন্তু প্রধান চরিত্র আরো অনেক বাকি আছে। শিগগিরই সব জানা যাবে।

এএস