ছোট থেকেই নাচ শিখতেন। সিনেমায় শাকিব অপুর জুটি দিয়ে অভিষেক ২০০৫ সালে।

এক যুগের সিনেমা ক্যারিয়ারে ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে জুটি গড়ে। এবার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অপু ইলাম খান। সেই সিনেমায় নায়ক হিসেবে থাকবেন ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী। এছাড়া নায়ক রিয়াজের সঙ্গেও নতুন সিনেমায় দেখা যেতে পারে অপু ইসলাম খানকে। ব্যক্তিজীবন ও চলচ্চিত্রের নানা প্রসঙ্গ নিয়ে মুখোমুখি হয়েছিলেন ঢালিউড কুইন অপু ইসলাম খান।

নতুন ছবিতে অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এসবের সত্যতা কতটা এ প্রসঙ্গে বলেন, বেশ কিছু প্রযোজনা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করেছে। অনেক নির্মাতা আমাকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহ দেখিয়েছেন। আমি আসলে শারীরিকভাবে এতদিন ফিট ছিলাম না। সবাই জানেন, মা হতে গেলে নারীদের শারীরিক গড়নে কিছু পরিবর্তন আসে। এখন নিজেকে কিছুটা ফিট মনে করছি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমায় অভিনয় শুরু করব।

নতুন জুটি বিষয়ে বলেন,বেশ কয়েকজন নির্মাতার সঙ্গেই কথা হয়েছে। তবে বদিউল আলম খোকনের সঙ্গে একটা ছবির ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে। সেখানে ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী থাকবেন। ছবিটিতে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ হয়নি।

আর রিয়াজের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। অভিনয়ের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো কথা হয়নি। বেশ কয়েক দিন আগে পরিচালক অপূর্ব-রানার সঙ্গে কথা হয়েছে। তারা রিয়াজের সঙ্গেও নাকি কথা বলেছেন। তবে এই আলোচনা কতোদূর এগিয়েছে সেটা নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবেন।

এখন নিজেকে সিনেমার জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে অপু ইসলাম খান বলেন, আমার ছেলের বয়স মাত্র এক বছর পেরিয়েছে। ফলে ছেলেকে ঘরে একা রেখে আমার পক্ষে শুটিং করা সম্ভব ছিল না। এখন মনে হচ্ছে কাজ করা যেতে পারে। ছেলের জন্মের পর ছয় মাস তো বিশ্রামে থাকতে হয়েছে। পরের ছয় মাস নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। এখন সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত বলে মনে করছি।

অনেকেই বলছেন, শাকিব ছাড়া অপু জিরো এবিষয়ে বলেন, আমার সিনেমা ক্যারিয়ারে সবচেয়ে বেশি ছবি শাকিবের সঙ্গে জুটি হয়ে করেছি। ব্যক্তিজীবনেও আমাদের সম্পর্কটা সবাই জানেন। মিডিয়ার ভাষায় অনেকে বলেন, তারকা দম্পতি। আর শাকিব খান তো অবশ্যই একজন ভালো আর্টিস্ট এবং সুপারস্টার। শাকিবের সঙ্গে এখন পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছি। পর্দায় যেমন আমরা সফল জুটি; ব্যক্তিজীবনেও আমরা সফল দম্পতি। শাকিব-অপু এখনো সফল জুটি হয়েই দর্শকের হৃদয়ে আছেন। সব সময় থাকবেন। আর শাকিব ছাড়া তো খুব বেশি সিনেমায় অভিনয় করিনি। তাহলে এমন প্রশ্ন কেন আসবে?

আমরা পর্দায় সফল জুটি। ব্যক্তিজীবনেও আমরা সফল তারকা দম্পতি। আমাদের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে আমাদের সংসার জীবন। এভাবেই বেশ ভালো আছি।