‘ডেসটিনেশন ওয়েডিং’, ‘জামাই শ্বশুর’, ‘একটি ফুলের গল্প’, ‘সাদা কাগজে সাজানো অনুভূতি’র মতো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তাসনুভা এলভিন। তবে এবার কোনো নাটকের গল্পে না বাস্তব জীবনে মা হতে যাচ্ছেন এই লাক্সতারকা।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার এই প্রতিযোগী জানালেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
সে কারণে গত ছয় মাসের বেশি সময় ধরে অভিনয় থেকে পুরোপুরি দূরে আছেন তাসনুভা এলভিন।
ভালোবাসার সম্পর্ক থেকে পারিবারিকভাবে ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন তাসনুভা এলভিন। সুখী দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় এই নবীন তারকা জানাচ্ছেন তার হওয়ার মা হতে যাওয়ার খবর।
প্রতিবছর ভালোবাসা দিবসে তাসনুভা এলভিনের শর্টফিল্ম, নাটক মিলিয়ে তিন-চারটি কাজ থাকলেও এবার থাকছে না।
তিনি বলেন, গত ছয়মাসের বেশি সময় কোনো শুটিং করছি না। প্রতিবার ভ্যালেন্টাইন্সে শুটিং ব্যস্ততা থাকলেও এবার কাজ করতে পারিনি।
তাসনুভা এলভিন বলেন, কাছের কয়েকজন পরিচালক কাজের জন্য ডাকলেও মাতৃত্বের কারণে শুটিং করতে পারিনি। বাসায় দিন কাটাচ্ছি। আমার পুরাতন কাজগুলো ইউটিউব থেকে দেখি। বন্ধু, সহকর্মীদের কাজ দেখি। নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হচ্ছে।
নতুন অতিথির আগমনের অপেক্ষায় এভাবে দিন কেটে যাচ্ছে ডেসটিনেশন ওয়েডিং, জামাই শ্বশুর, একটি ফুলের গল্প, সাদা কাগজে সাজানো অনুভূতির মতো দর্শকপ্রিয় নাটকের এ অভিনেত্রীর।
সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারবেন বলে জানালেন এলভিন। বললেন, তারপর নিজেকে প্রস্তুত করে আবার অভিনয়ে নিয়মিত হবো। তার আগে তাসনুভা এলভিন সকলের কাছে দোয়া চেয়েছেন।
এএস





