জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

আজ তার ৪৮তম জন্মদিন। সর্ব মহলের প্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান।

সালমান ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকে সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রকে সুদিন উপহার দিয়েছিলেন।

বিটিভিতে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে সালমান শাহর ক্যারিয়ার শুরু হয়। অভিনয় করেছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সালমান শাহর। প্রথম সিনেমাতেই দর্শকদের মন জয় করে নেন তিনি। তাই এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন সালমান শাহ। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, মাত্র তিন বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমাতে। এর মধ্যে বেশিরভাগ সিনেমাই ছিল হিট। তালিকায় রয়েছে- ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা।

অমর নায়ক সালমান শাহর জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’। রাজধানীর মধুমিতা সিনেমা হলে এটি চলবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এএস