পুরান ঢাকার বকশীবাজারে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরকে ঘিরে অনেক মানুষের জটলা। এমনিতেই এখানে প্রচুর লোক সমাগম হয়। তবে ২৯ নভেম্বর সন্ধ্যা থেকে সবাই উৎসুক ছিলেন। ভেতরে যেতেই চোখে পড়লো দাঁড়িয়ে আছেন হিল্লোল। মাথায় মুকুট, গায়ে পাঞ্জাবী। তার কপালজুড়ে তিলক। গলায় গোলাপ আর কাজরা ফুলের মালা। এক ঝলকেই সবাই বুঝে ফেলবেন বিয়ে করতে যাচ্ছেন তিনি।
আসলে ঘটনাটা কী? পাশেই দাঁড়ানো পরিচালক রফিক শিকদার জানালেন, এটি ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের বিয়ের দৃশ্য। গল্পে হিন্দু সম্ভ্রান্ত পরিবারের ছেলে চন্দন সাহা চরিত্রে দেখা যাবে হিল্লোল। তার সঙ্গে বিয়ে হয় এক তরুণীর। এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা তানহা। ছবিটিতে আরও অভিনয় করেছেন নিরব, সুব্রত প্রমুখ।
হিল্লোল বলেন, ‘অনেক আগে কুসুম সিকদার আর আমি একটি নাটকে হিন্দু রীতি অনুযায়ী বিয়ের দৃশ্যে অভিনয় করেছিলাম। এবার বড় পর্দায় এমন দৃশ্যে কাজ করে বেশ ভালো লাগছে। মন্দিরে গভীর রাত পর্যন্ত ছবিটির কাজ করে আনন্দ পেয়েছি।’
এর আগে হিল্লোল ‘চোরাবালি’ ছবিতে অভিনয় করেন। এ ছাড়া তিনি ‘হ্যালো অমিত’ নামে আরেকটি ছবিতে অভিনয় করলেও তা এখনও মুক্তি পায়নি।
কেএইচ





