মকবুলের সবই ভালো শুধু একটি জিনিস ছাড়া। তার শুধু বাগড়া দেওয়ার অভ্যাস। এলাকায় নির্বাচনের গন্ধ পেলেই, প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটি পাড়ার ক্লাব কিংবা এলাকার মেম্বার নির্বাচন।
এবারও মজার চরিত্র নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। নাটকের নাম ‘ম্যানেজ মকবুল’। ৭ পর্বের এই ধারাবাহিকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়েন। নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেওয়াটা মকবুলের স্বভাব এবং অনেকটা ব্যবসার মতো। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে।
ফলে বাগড়া দিলেও মকবুল নিজেকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। তাই তাকে ম্যানেজ করা কঠিন কিছু না। প্রথমদিকে একটু গাইগুই করে। নিজের দাম বাড়িয়ে নেয়। তারপর এক পর্যায়ে ম্যানেজ হয়ে যায়। বাগড়ার গুরুত্ব অনুযায়ী মকবুলকে খুশি করে দিলেই হাসি মুখে বসে পড়ে সে।
মকবুলের ম্যানেজ ব্যবসা ভালোই চলছিলো। কিন্তু এক পর্যায়ে এসে ঘুরে যায় পরিস্থিতি। যে মকবুলকে সবাই ম্যানেজ করতে ব্যস্ত হতো সেই মকবুলই উল্টো সবাইকে ম্যানেজ করতে উঠে পড়ে লাগে। কিন্তু কেন...?
এরকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। এছাড়া আরও আছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখীসহ অনেকে।
‘ম্যানেজ মকবুল’ আরটিভিতে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত, প্রতিদিন বেলা ২টার সময়।
এএস





