বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা অমিত হাসান।
২৪২ ভোট পেয়ে একই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিকুর রহমান লিটনকে হারিয়ে এ সংগঠনের দায়িত্ব পেলেন তিনি।
এছাড়া নির্বাচনে কার্যকর পরিষদের সদস্য পদে চিত্রনায়িকা পপি, রত্না এবং অমিত হাসানের পুরো প্যানেল জয়লাভ করেছে।
দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। সংগঠনটির একবছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল সোমবার। এদিন বিএফডিসিতে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এর মধ্যে ভোট পড়ে ৩৯৪ টি, বাতিল হয় ১৬ টি ভোট। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দুপুর থেকেই ক্লাবটির তারকা সদস্য সোহেল রানা, ডিপজল, মৌসুমী, শাবনূর, সাইমন, গাঙ্গুয়াসহ অনেক শিল্পী ভোট প্রদান করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন খাতের মানুষেরা সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে।
এএস





