উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে নির্মিত এই ছবিকে ঘিরে এর আগে ঘটেছে নানা ঘটনা। এবারে সেই সিনেমার ডিভিডি কপি বেলুনে করে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিষ্ট।
লি মিন বক নামে দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিষ্ট বলেছেন তিনি রাতের বেলায় বেলুনে বেধে উত্তর কোরিয়ার সীমান্তে উড়িয়ে দিয়েছেন সিনেমার ঐসব কপি। জানুয়ারী থেকে গত শনিবার পর্যন্ত চার বারে তিনি কয়েক হাজার কপি উড়িয়েছেন বলে উল্লেখ করেছেন।
লি এএফপি বার্তা সংস্থাকে বলেছেন “ আমি কয়েক হাজার সিনেমার কপি এবং ১০ লক্ষের মত লিফলেট বেলুনে করে উত্তর কোরিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে উড়িয়ে দিয়েছি, যাতে করে উত্তর কোরিয়ার ঐ এলাকার মানুষ সিনেমাটি দেখতে পারে”।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে নির্মিত কমেডি ঘরানা এই ছবিকে ঘিরে এর আগে ঘটেছে অনেক ঘটনা।
বিশ্বখ্যাত সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকিং এর ঘটনা ঘটে। সনিতে ওই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে দাবী করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। কিন্তু ওয়াশিংটনের এই দাবিকে সেসময় নাকচ করে দেয় পিয়ংইয়ং।
মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘসময়ের জন্য বন্ধ ছিল।
পরে সিনেমাটি যে হলে প্রদর্শন করা হবে সেখানে হামলার হুমকি দিয়েছিল ‘গার্ডিয়ান অব পিস’ নামের একটি সংগঠন।এতসব ঘটনার পরেও সিনেমাটি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়েছিল। সূত্র: বিবিসি।
ইআর





