বলিউড কিং শাহরুখ খানের ৫৩তম জন্মদিন আজ। ওই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা রোমান্টিক অভিনেতা তিনি। ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে ১৯৬৫ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

চিরো তরুণ এই অভিনেতার মায়ের নাম লতিফ ফাতিমা খান, বাবা তাজ মোহাম্মদ খান ও বোন শেহনাজ লালারুখ খান।

এই ভারতীয় অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব এসআরকে নামেও পরিচিত। মিডিয়ায় তাকে বলা হয় বলিউড বাদশাহ্, বলিউড কিং বা কিং খান।

আশির দশকে টেলিভিশন সিরিজে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৮ সালে ফৌজি টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমন্যু রাই চরিত্রে একজন নতুন অভিনেতা হিসেবে সুযোগ পান কাজের।

পরে ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি মোটামুটি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিল একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত।

একই বছর তিনি অরুন্ধতী রায়ের ‘In Which Annie Gives it Those Ones’ টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। তবে পিতা-মাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার জন্য সেই ছেলেটি নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান।

হেমা মালিনী তার অভিষেক সিনেমা ‘দিল আশনা হ্যায়’তে অভিনয়ের সুযোগ করে দেন শাহরুখ কে।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

একে একে ডর, বাজিগার, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, স্বদেশ, দেবদাস, মাই নেম ইজ খান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রাম জানে, জোশ, ওম শান্তি ওম, রাব নে বানা দে জুড়ি, মোহাব্বাতেনের মতো সুপারডুপার হিট সিনেমা দিয়ে স্থান করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।