প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
মাটি ও মানুষের শিল্পী, সুরের জাদুকর, প্রখ্যাত বংশী বাদক ফোক সম্রাট বারী সিদ্দিকীর চলে যাওয়ার দিন। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি।
মাটির গানের এই কিংবদন্তী গায়কী দিয়ে শ্রোতাদের নিকট পরিচিতি অর্জন করলেও তিনি মূলত একজন বাঁশীবাদক ছিলেন। গান করার আগে তিনি পেশাদার বাঁশীবাদক ছিলেন।
মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোনার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়।
তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন। ক্লাসিক্যাল মিউজিকের ওপরও পড়াশোনা করেন বারী সিদ্দিকী।
দীর্ঘদিন সংগীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে। ওই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে তিনি ছয়টি গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন।
তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’। এরপর তিনি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। তার গাওয়া গান নিয়ে বেরিয়েছে অডিও অ্যালবাম।
এদিকে বারী সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে আজ বিকেল ৫টায় বিটিভিতে প্রচারিত হবে বারী সিদ্দিকীর গান নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘পল্লীসুর’।
এএস





