আসিফ আকবর যেন এখন শুধু গায়ক নন, গানের প্রয়োজনে পুরদস্তুর অভিনেতা বনে গেছেন এ শিল্পী।

সম্প্রতি মুক্তি পাওয়া প্রতিটি গানের ভিডিওতেই আসিফ হাজির হয়েছেন আলাদা আলাদা রূপে। আসছে ঈদেও নতুন রূপে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে এমন রূপে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘দেবদাস’ শিরোনামের এই গানটি লিখেছেন রাজীব আহমেদ। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

চরিত্রের প্রয়োজনে অনেকটা দেবদাসের আদলে গেটআপ নিয়েছেন আসিফ আকবর। এমনটাই জানালেন নির্মাতা চন্দন রায় চৌধুরী। এতে আসিফের বিপরীতে দেখা যাবে নাফিসা কামাল ঝুমুরকে।

আসিফ আকবর জানালেন, “ ‘দেবদাস’ প্রেমের আবেদনময়ী গান। কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে একাধিক গেটাপে হাজির হয়েছি, যা আসিফিয়ানদের ভালো লাগবে।”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদুল আজহার বিশেষ আয়োজনে ১০ আগস্ট প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘দেবদাস’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।

এএস