তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের টিজার প্রকাশ হয়েছে আজ। ‘পোড়ামন-২’র পর ‘পরাণ’ দিয়ে আবারও রোমান্টিক ধারায় ফিরছেন এই নির্মাতা।
এটি রাফি পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) টিজার প্রকাশের পরই এটি নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতেই জানানো হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘পরাণ’। তবে কোন ঘটনা বা কার ঘটনা তা বলা হয়নি।
কিন্তু টিজার প্রকাশের পর অনেকেই ধরণা করছেন দেশের আলোচিত বরগুনার রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে ‘পরাণ’ নির্মিত হয়েছে। তবে এ বিষয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা মুখ খুলছেন না।
পরিচালকের দাবি, রিফাত-মিন্নির ঘটনা নিয়ে ‘পরাণ’ নির্মিত নয়। মূল রহস্য সিনেমাটি দেখলেই দর্শক জানতে পারবেন।
‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস।
জানা যায়, ময়মনসিংহে টানা ৩১ দিন ‘পরাণ’র শুটিং হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এটি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের প্রশংসা পান। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ মুক্তি পায় গত বছর।
এদিকে, মিমকে সর্বশেষ ‘সাপলুডু’ এবং ইয়াশকে তার দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গেছে।
এএস





