নাট্য নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর আসছে ঈদ উপলক্ষে নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ‘প্রথম ভালো লাগা’। নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান।

গত সপ্তাহে রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে প্রথমবারের মতো হাসান জাহাঙ্গীরের বিপরীতে অভিনয় করেছেন তিন লাক্সতারকা বাঁধন, প্রসূন আজাদ ও অ্যালভিন।

নাটকের গল্প প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘খুবই চমৎকার একটি গল্প। আমার চরিত্রের নাম ইশান। ইশানকে ভালোবাসে বাঁধনের ছোট বোন প্রসূন। কিন্তু প্রসূনেরই অজান্তে বাঁধনের সঙ্গে বাগদান হয় ইশানের। অন্য দিকে ইশানের মামাতো বোন অ্যালভিন ইশানকে নিয়ে স্বপ্ন দেখে। শুরু হয় জটিলতা। এগিয়ে যায় নাটকের গল্প।’

হাসান জাহাঙ্গীর আরো বলেন, ‘প্রথমে একজন নির্মাতাকে দিয়ে নাটকটি নির্মাণের কথা থাকলেও পরে ভেবে দেখলাম যেহেতু আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি, তাই আমাকেই যত্ন করে কাজটি শেষ করা উচিত। বাঁধন, প্রসূন ও অ্যালভিন খুব চমৎকার অভিনয় করেছেন।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পের কারণেই নাটকটিতে কাজ করা। আশা করি ভালো লাগবে দর্শকের।’ প্রসূন আজাদ বলেন, ‘একটু অন্য রকম গল্পের নাটক এটি। ঈদে দর্শক একটু ভিন্নতা চায়। ঠিক তেমনি নাটক এটি।’

অ্যালভিন বলেন, ‘হাসান জাহাঙ্গীর ভাইয়ার নির্দেশনায় এবারই প্রথম কাজ করলাম। তিনি খুব যত্ন নিয়ে কাজ করেন। আমি নাটকটি নিয়ে খুবই আশাবাদী।’

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানান- আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে ‘প্রথম ভালো লাগা’ নাটকটি।

এ দিকে এবারের ঈদে আরো নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন হাসান জাহাঙ্গীর। বাঁধন এরই মধ্যে শেষ করেছেন বেশ কিছু ঈদের নাটক। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিরুল ইসলাম অরুণের ‘চক্রজাল’ ও অঞ্জন আইচের ঈদ ধারাবাহিক ‘বিপিএল’সহ আরো বেশ ক’টি ভালো নাটকের কাজ।

প্রসূন এরই মধ্যে শেষ করেছেন শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ‘চাঁদের মতো মেয়ে’ নাটকের কাজ। অন্য দিকে অ্যালভিন নতুন হিসেবে এবারের ঈদে বেশ কয়েকটি নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন।

এমআইএস