মাদক গ্রহণ মানব জীবনের জন্য খুবি ক্ষতিকর যা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। মরণ নেশা মাদকের কুফল ও তা প্রতিকারে অনেকই আন্দোলন করে আসছেন এবং মাদকের চিকিৎসা নিয়ে অনেকই অনেক ভাবে কাজ করে আসছেন। এবার সে যাত্রায় সামিল হলেন বিশিষ্ট চিকিৎসক এবং মাদক বিরোধী সংগঠন ‘মানস’-এর প্রতিষ্ঠাতা ডা. অরূপ রতন চৌধুরী।

তবে আন্দোলনের পথ হিসেবে তিনি বেছে নিয়েছেন চলচ্চিত্র। মাদকের বিভিন্ন কুফল ও তার প্রতিকার নিয়ে তিনি নির্মাণ করছেন ‘স্বর্গ থেকে নরক’ নামের একটি চলচ্চিত্র।

বর্তমানে ছবির শেষ পর্যায়ের কাজ চলছে। ‘স্বর্গ থেকে নরক’ ছবিটিতে একসঙ্গে অভিনয় করছেন ফেরদৌস ও নিপুণ। আরও অভিনয় করেছেন রহমত আলী ও ওয়াহিদ মল্লিক জলি।

‘স্বর্গ থেকে নরক’-এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ড. অরূপ রতন চৌধুরী নিজেই। তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আমার নিজের গড়া সংগঠন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থার (মানস) মাধ্যমে মাদকের ভয়াবহতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, কাজটি দর্শকের একটি ভালো বার্তা দেবে।’

আগামী মাসের শেষের দিকে ছবিটির কাজ শেষ হবার কথা রয়েছে।

জেআই