গানকে বলা হয় আত্মার খোরাক, প্রাণের রসদ। আর সেই গান ঠিকঠাক গাইতে পারলে ভক্ত-শ্রোতা যে গায়ককে কতটা ভালোবাসা দিতে পারেন, তার বড় প্রমাণ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ বলা হয় তাকে। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সংগীত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি দিয়ে রাতারাতি পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি।
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সুরেলা সেই আর্ত চিৎকার আজও ছুটে বেড়াচ্ছে গ্রাম-শহর, দেশ-বিদেশের অলিতে গলিতে।
আসিফের অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ মুক্তির ২০ বছর পূর্ণ হলো।
বর্তমান সময়ের সঙ্গে তুলনা করলে তথ্যপ্রযুক্তির অনেক সুযোগ-সুবিধাই অনুপস্থিত ছিল ২০০১ সালে। রেডিও কিংবা টেলিভিশনে গান শুনে অভ্যস্ত ছিল সবাই। আর সেই অ্যানালগ সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় তৎকালীন সময়ের নবাগত শিল্পী আসিফ আকবরের গাওয়া ‘ও প্রিয়া তুমি কোথায়’ অডিও অ্যালবামের গানগুলো।
রাতারাতি তরুণ প্রজন্মের হার্টথ্রুবে পরিণত হন আসিফ। অ্যালবামটির থিম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ তো রীতিমতো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। অন্যান্য গানও শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। মূলত আসিফের ব্যতিক্রমী গায়কি, বিরহী ধারার গান ও গানে মিশে থাকা আবেগ সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখে। দীর্ঘদিন ওই অ্যালবামের গানগুলো সর্বত্র বাজতে শোনা যায়। বলা চলে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’।
আজ ২৯ জানুয়ারি, ২০২০। ব্যাপক আলোচিত ওই অ্যালবামের বিশ বছর পূর্তি হলো। আর এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আসিফের অফিশিয়াল পেজ থেকে একটি স্ট্যাটাস শেয়ার করা হয়। সেখানে জানানো হয়, ২০০১ সালের শুরুতে ঢাকার বাইরে মুক্তি দেওয়া হয় অ্যালবামটি।
এর পরের দিন তা সারা দেশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। এটি সংগ্রহে রাখার জন্য ওই সময়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। আরো জানানো হয়, ৬০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছিল। স্ট্যাটাসটি এ রকম—
“২৯ জানুয়ারি, ২০০১ সাল। বিশ বছর আগের কথা, প্রথমে ঢাকার বাইরে এবং পরের দিন তা সারা দেশের প্রতিটি অলিগলি আর অডিও দোকানগুলোতে বেজে উঠেছিল ‘ও প্রিয়া তুমি কোথায়’।
অ্যালবামটি সংগ্রহে রাখার জন্য তখন মানুষ একরকম হুমড়ি খেয়ে পড়েছিল। এটি এমন একটি অ্যালবাম, যার প্রতিটি গান মানুষের মুখে মুখে ছিল। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবামটি ‘ও প্রিয়া তুমি কোথায়’।
৬০ লাখেরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছিল। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড আর কখনো কোনো দিন ভাঙবে না। আসিফ আকবর ইন্ডাস্ট্রিকে দেখিয়েছিলেন এক নতুন সম্ভাবনার স্বপ্ন। প্রায় একাই ইন্ডাস্ট্রিকে টেনেছেন এক দশকেরও বেশি সময়।
তিনি ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব কায়েম করে হয়েছেন বাংলা গানের ‘রাজপুত্র’। অজস্র জনপ্রিয় গানে সমৃদ্ধ হয়েছে বাংলা সঙ্গীতের ভান্ডার। আমাদের দৃষ্টিতে তিনি বাংলা গানের জীবন্ত কিংবদন্তি।
আজ অডিও ইন্ডাস্ট্রির ঐতিহাসিক এ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ এর ২০ তম জন্মদিন !!! সবার প্রিয়া বেঁচে থাকুক প্রিয়দের অন্তরে, শুভ কামনা । শুভ জন্মদিন ‘ও প্রিয়া তুমি কোথায়’।”
এর কিছুক্ষণ পরেই, রাত ১টার কিছুক্ষণ আগে আরো একটি স্ট্যাটাস দেওয়া হয় ওই পেজ থেকে। সেখানে ‘ও প্রিয়া তুমি কোথায়’-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই অ্যালবামের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেইসঙ্গে শ্রোতাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। সেখানে জুড়ে দেওয়া হয় আসিফের একটি ছবিও।
গানটির জনপ্রিয়তাকে মাথােয় রেখে চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন শাহাদাৎ হোসেন লিটন। সেই ছবিতে অভিনয় করেছিলেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর। একটি বিশেষ চরিত্রে ছিলেন শাকিব খানও।
এএস





