শাকিব খান পরেছেন খয়েরি রঙের শেরওয়ানি আর ববি লাল শাড়িতে। দুজনের হাতেই কলম। টেবিলের উপর স্ট্যাম্প। ছবিই কথা বলছে— রেজিস্ট্রি অফিসে তারা।

শাকিব-ববি বর-কনের সাজে রেজিস্ট্রি অফিসে কী করছেন এমন প্রশ্ন অবান্তর! ‘নোলক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। আর সেই ছবির এমনই একটি দৃশ্য ফেসবুক পেজে পোস্ট করেছেন শাকিব খান।

‘নোলক’-এর নির্মাতা্ রাশেদ রাহা এখনই গল্প নিয়ে বলতে নারাজ। তবে দুই-একটি স্থিরচিত্র ‘নোলক’-র অফিসিয়াল পেজে পোস্ট করা হচ্ছে সিনেমাপ্রেমিদের আগ্রহ বাড়ানোর জন্য। জানা গেছে, তারই ধারাহিকতায় প্রকাশ হয়েছে এই ছবি।

সিনেমাটির শুটিং এগিয়ে গেছে অনেক দূর। এর মধ্যে গানেরও শুটিং হয়েছে। একটি গানে শাকিবকে পাওয়া গেছে উৎসবের আমেজে। ‘শীতল পাটি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।

বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। যার প্রযোজক শাকিব সনেট। কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন ফেরারী ফরহাদ। ‘নোলক’ ছবিতে শাকিব-ববি ছাড়াও আরো আছেন ওমর সানী, মৌসুমী প্রমুখ।

বর্তমানে ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিতে ছবির শুটিং চলছে। শিগগিরই দেশে ফিরবে ইউনিট।