জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’, যা নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।
আর বঙ্গবন্ধু চরিত্রে থাকছেন আহমেদ রুবেল। গত সপ্তাহে মানিকগঞ্জ থেকে এর শুটিং করে এসেছেন পূর্ণিমা।
এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বঙ্গমাতা একটি ঐতিহাসিক চরিত্র। যদিও এ চলচ্চিত্রে আমার উপস্থিতি একেবারেই কম পরিসরে; কিন্তু যেটুকু ছিল সেটিও গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে।
তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। এখানে আমাকে তরুণী বয়সে দেখা যাবে।’
এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। পূর্ণিমার অংশের শুটিং শেষে বর্তমানে অন্যদের শুটিং চলছে। এ ছবিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়েছে বলে নির্মাতা জানান।
এদিকে পূর্ণিমা বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবির শুটিং করছেন। পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত এ চিত্রনায়িকা।
এএস





