শুক্রবার সকাল থেকেই বর্ধমান শহর জুড়ে একটাই কৌতূহল ছিল। আর তা হলো, রাজ-শুভশ্রীর বউভাত অনুষ্ঠান।

কিন্তু সেই অনুষ্ঠানে হঠাৎ আগুনে আতঙ্কিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা। বর্ধমান শহর থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রেনেসাঁ টাউনশিপের একটি রিসোর্টে মেগা রিসেপসনের আয়োজন করা হয়েছিল।

সন্ধ্যা থেকেই আলোর মালায় সেজে উঠেছিল পুরো রিসোর্ট। খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন থেকে জলসা- নিমন্ত্রিতদের বিনোদনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু তাল কাটল বাজি পোড়ানোর অনুষ্ঠানের সময়।

তখন রাত প্রায় দশটা। শুরু হয়েছে বাজির খেলা। আচমকাই বাজির আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ে রিসোর্ট সংলগ্ন ঝোপের মধ্যে। সেখানে সম্ভবত শুকনো পাতা বা খড় জাতীয় কিছু ছিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। আতঙ্ক ছড়ায় বিয়ে বাড়িতে।

তবে যেখানে আগুন লেগেছিল, তা রিসোর্ট থেকে দূরে হওয়ায় মূল অনুষ্ঠানস্থলের কোনো ক্ষতি হয়নি বিয়ে উপলক্ষ্যে বাড়িতে পুলিশ উপস্থিত ছিল। পুলিশকর্মীরাই সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা সেই আগুন নেভাতে সক্ষম হয়। এএস