না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী ও শাবানা আজমির মা শওকত কাইফি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৯৩ বছর বয়সে তিনি মারা যান। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কাইফির জামাতা বর্ষীয়ান লেখক-গীতিকার জাভেদ আখতার এই থিয়েটার ও চলচ্চিত্র অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দৈনিকটিকে জাভেদ আখতার জানিয়েছেন, শওকত কাইফির বয়স হয়েছিল ৯৩ বছর এবং তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি মুম্বাইয়ের কোকিকাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।

শওকত কাইফির শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ শনিবার দুপুরে। বিখ্যাত উর্দু কবি ও গীতিকার কাইফি আজমি তাঁর স্বামী।

‘বাজার’, ‘উমরাও জান’ ও মীরা নায়ারের অস্কারে মনোনয়নপ্রাপ্ত ছবি ‘সালাম বোম্বে’-তে অভিনয় করেছেন শওকত আজমি। তাঁর সবশেষ চলচ্চিত্র শাদি আলির ‘সাথিয়া’।

২০০২ সালে স্বামী কাইফি আজমির মৃত্যুর পর ‘কাইফি অ্যান্ড আই’ শিরোনামের আত্মজীবনী লেখেন তিনি, যেটি পরে ‘কাইফি অউর ম্যায়’ নামে মঞ্চস্থ হয়। নাটকে পারফর্ম করেন শাবানা আজমি ও জাভেদ আখতার।

এম