দেশের জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেলেন।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
অভিনেত্রী তানভীন সুইটি খবরটি নিশ্চিত করে জানান, অনেকদিন ধরেই এই অভিনেত্রী কিডনি জটিলতায় ভুগছিলেন।
তানভীন সুইটি বলেন, “লিনা আন্টির দুটো কিডনিই ড্যামেজ ছিলো অনেক দিন ধরে। কয়েক মাস আগে বিটিভিতে দেখা হয় আমার সঙ্গে। সেদিন একটি নাটকে কাজ করেছিলাম আমরা। অনেক ভালো মনের মানুষ ছিলেন। উনার আত্মার শান্তি কামনা করছি।”
ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে।
ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।
এমবি





