বোয়েসেল সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় একটি ফ্লাইটে ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। তাদের মধ্যরাতে কুলালামপুরে পৌঁছানোর কথা রয়েছে। তাদের বিদায় জানাতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সিনিয়র সচিব নিয়ামত উল্ল্যাহ ভুইয়া বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।
বোয়েসেল সূত্রে জানা যায়, গত ২১-২২ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর মধ্যে গত বছর মালয়েশিয়া যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর জন্য বোয়েসেলকে দায়িত্ব দেওয়া হয়। শুধুমাত্র কনস্ট্রাকশন ও ট্যুরিজম— এ দুটি খাতে কর্মী প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ আগস্ট কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের সঙ্গে কর্মী পাঠানো-বিষয়ক চুক্তি স্বাক্ষর করা হয়। এই উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার নিয়োগকারী সরকারি প্রতিষ্ঠান কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ থেকে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়। এই ৫০০ জনের মধ্যে ২৫৫ জন কর্মীর ভিসা পাওয়া গিয়েছে এবং তাদের পাঠানোর জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
বোয়েসেলের একজন কর্মকর্তা জানান, আগামী ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর আরও দুটি ফ্লাইটে ১২০ জন কর্মী যাওয়ার কথা আছে। তাদের টিকিট ইতোমধ্যে কনফার্ম করা হয়েছে।
এমএম