অবিলম্বে নেসলে কোম্পানীর উৎপাদিত ম্যাগি নুডলস বাংলাদেশে নিষিদ্ধের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। রোববার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।
সম্প্রতি ভারতের উচ্চ আদালত ম্যাগি নুডলসকে সে দেশে নিষিদ্ধ করেছে। নেসলে কোম্পানী উত্থাপিত অভিযোগ স্বীকার করে ভারতের বাজার থেকে ম্যাগি নুডলস প্রত্যাহার শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়, নেসলে কোম্পানির ম্যাগি নুডলস দেশে বাজারজাত করা হচ্ছে। এ কোম্পানির পণ্যের খ্যাতির কারণে বিভিন্ন খাদ্য পণ্যের মানের ব্যাপারে প্রশ্ন তোলা হয়নি।
কিন্তু সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতে একাধিক নির্ভরযোগ্য ল্যাবরেটরি পরীক্ষায় নেসলে কোম্পানীর ম্যাগি নুডলসসের মধ্যে জীবনঘাতি এবং স্বাস্থ্য বিনাশী সীসার উপস্থিতি বিপদজনক মাত্রায় পাওয়া গিয়েছে।
সীসা মানুষের শরীরের লিভার ও কিডনিকে ধ্বংস এবং বিপাক প্রক্রিয়াকে দারুনভাবে ক্ষতিগ্রস্থ করে। বিশেষ করে শিশুর মস্তিস্কের বিকাশে সীসা মারাত্মক ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি করে। ফলে শিশুর মস্তিস্ক ও বুদ্ধির বিকাশ প্রবলভাবে ব্যাহত হয়।
এআর





