সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পুৎঁল্যান্ডে সোমবার সকালে জাতিসংঘের দফতরে বোমা হামলার ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে।
দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদি জানান, জাতিসংঘের দফতরে সংস্থাটির কর্মীদের বহনকারী একটি গাড়িতে ওই বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে, যাদের দুইজন কেনীয় ও সাতজন সোমালী নাগরিক।
সোমালীয় রেডিও আল-ফুরকানও জানিয়েছে, জাতিসংঘের কর্মীদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানী গারোয়েতে অবস্থিত দফতরটিতে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের একটি বাসে বেশ কয়েকটি লাশ পড়ে থাকার ছবিও দেওয়া হয়েছে। বিস্ফোরণে বাসটির উপরের অংশ উড়ে গেছে বলে দেখা গেছে।
বোমা হামলার ঘটনার পরপরই নিন্দা জানিয়ে টুইট করেছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ মুখপাত্র নিক কে। সূত্র: রয়টার্স ও আলজাজিরার।
কেএইচ





