দিল্লির রাজপথে চলন্ত গাড়িতে আবারো গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনা মনে করিয়ে দিল ২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতকে। বুধবার রাতে ২৪ বছরের এক তরুণীকে চলন্ত গাড়িতে তুলে ধর্ষণ করে দুই দুষ্কৃতী।

অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা ধর্ষিতার পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।

পুলিশ সূত্রের খবর ধর্ষিতা একটি নারী সংগঠনের সদস্য। এই সংগঠনটি সম্প্রতি হাউজ খানা পুলিশ স্টেশনে চার ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছিল।

এক পুলিশ অফিসার জানিয়েছেন বুধবার রাত ২টা নাগাদ এক অটো ড্রাইভার নেহেরু প্লেস ফ্লাইওভারের কাছে অবিন্যস্ত অবস্থায় নির্যাতিতা ওই তরুণীকে ঘুরতে দেখেন। সেই সময় ওই তরুণীর অবস্থা এতটাই খারাপ ছিল তিনি ভাল করে কথাই বলতে পারছিলেন না। অটো ড্রাইভার সন্দেহ করেন ওই মহিলা যৌন নির্যাতনের শিকার। এরপরেই তিনি পুলিশকে খবর দেন।

পুলিশ নির্যাতিতা তরুণীকে এইমস নিয়ে যায়। সেখানেই তিনি দুই ব্যক্তির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। সূত্র: জি নিউজ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ