ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে বৈধ প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে সাত জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সাত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। খরব ইরানি গণমাধ্যমের।
প্রার্থীরা হলেন- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।
এর আগে ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী কাদখোদায়ী জানান, ৫৯২ জন প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে সাত জনের প্রার্থিতা অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন।
এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থিতা যাচাই-বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের।
এমবি





