রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র মতপার্থক্যের কারণে গ্যাস সরবরাহ নিয়ে কোনও চুক্তি হয়নি। এতে ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। স্নায়ুযুদ্ধের পর এটি হচ্ছে প্রাচ্য-পাশ্চাত্য সম্পর্কে সবচেয়ে সংকটজনক পরিস্থিতি।

দু’দেশের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে নিজেদের গ্যাসের ঘাটতি পুষিয়ে নেয়ার আশায় ইউক্রেন শেষ মুহূর্তে এই আলোচনার আয়োজন করে।

কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি ‘গ্যাসপ্রম’-এর একজন শীর্ষ কর্মকতা এএফপি’কে বলেন, ‘গ্যাসের মূল্য ও কিয়েভের কাছে মস্কোর পাওনা নিয়ে দু’পক্ষের তীর্ব বিরোধের মধ্য দিয়ে রাতব্যাপী এই আলোচনা ব্যর্থ হয়েছে। আমাদের মধ্যে কোন চুক্তি হয়নি। আমরা আবারো আলোচনায় বসবো। এ সম্ভাবনাও ক্ষীণ।’

গ্যাসপ্রমের মুখপাত্র সারগেই কুপরিয়ানভ টেলিফোনে আরো বলেন, ‘আমরা মস্কোর উদ্দেশ্যে ইতোমধ্যে বিমানে উঠেছি। আজ সকাল ১০টার মধ্যে (মস্কো সময়) অগ্রিম পাওনা না পেলে আমরা অবশ্যই গ্যাস সরবরাহ করবো না।’

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী ইউরি প্রদান বলেন, রাশিয়ার সরবরাহ বন্ধ হলে এই ঘাটতি পুষিয়ে নিতে আমরা আমাদের পশ্চিম ইউরোপের প্রতিবেশীদের কাছ থেকে অধিক গ্যাস আমদানির চেষ্টা করবো।

এদিকে ইউরোপীয় কমিশন বলেছে, কিয়েভে ইইউ এনার্জি কমিশনার গুয়েনথার ওয়েট্টিঙ্গার উত্থাপিত অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করা সত্ত্বেও এ ব্যাপারে এখনো সমাধান সম্ভব। সূত্র: বিএসএস

ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ