বিতর্কিত গোলান মালভূমিতে তেল কূপ খনন শুরু করতে যাচ্ছে ইসরাইল। গোলানের দক্ষিণ অংশে ৪০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তেল উত্তোলনের জন্য কূপ খনন করা হবে। এক সময়কার সিরিয়ার অন্তর্গত গোলান মালভূমি অঞ্চলটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় দখল করে নেয় ইসরাইল। তবে, গোলান মালভূমির উপর ইসরাইলি অধিকারের আন্তর্জাতিক কোন স্বীকৃতি নেই। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
তেল উত্তোলনের কাজ পেয়েছে মার্কিন প্রতিষ্ঠান 'জিনি এনার্জি'। এই প্রতিষ্ঠানের মালিক হলেন ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ইহুদিবাদী একটি দলের এমপি। প্রতিষ্ঠানটি তিন বছরের জন্য তেল উত্তোলনের লাইসেন্স পেয়েছে।
চলতি বছরের জানুয়ারির মাঝামাঝির দিকে তেল উত্তোলনের পরিকল্পনা ছিল। তবে, পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, গোলান মালভূমি এলাকাতেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত টিবেরিয়াস হ্রদ। এই হৃদটিই হলো ইসরাইলের বিশুদ্ধ পানি সরবরাহের প্রধান উৎস।
এ ছাড়া, উত্তরাঞ্চলীয় হাইফা শহরের নিকটেও দুটি প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পেয়েছে ইসরাইল। এর একটি টামার গ্যাস ক্ষেত্রে ২৮০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর লেভিয়াথান গ্যাস ফিল্ডে ৫৩০ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। টামার গ্যাসক্ষেত্র থেকে ২০১৩ সাল থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। তবে, লেভিয়াথান ক্ষেত্র থেকে ২০১৬ বা ২০১৭ সাল নাগাদ গ্যাস উত্তোলন করা হবে।
১৯৬৭ সালে ৬ দিনের এক সংক্ষিপ্ত আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমি এলাকা দখল করে নেয় ইসরাইল। অধিকৃত ভূমি ফেরত ও সেনা প্রত্যাহার নিয়ে পরবর্তীতে জাতিসংঘে প্রস্তাব পাস হলেও ইসরাইল তা মানছে না। বরং ১৯৮১ সালে গোলান মালভূমিকে ইসরাইল তার সীমানার অন্তর্ভূক্ত করে।
এমএ





