আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আগামী ০৩ নভেম্বর ভোটের দিন ভোট দেবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন তিনি।
পরে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন, “ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি।” খবর সিএনএন’র।
এদিকে, ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত বিতর্ক শেষে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। জয়লাভ করলে মাস্ক পরা বাধ্যতামূলক এবং করোনাভাইরাসের ভ্যাকসিন সবাইকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে দুটি ইভেন্টে প্রচারণায় অংশ নেন।
এদিন ট্রাম্পও ভোট দেওয়ার পর ৩টি সুইং স্টেটে নির্বাচনী প্রচারণা চালান।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দা হিসেবে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত বছর তিনি তাঁর আবাসনের রাজ্য আনুষ্ঠানিকভাবে বদলে ফেলেন। নিজের স্থায়ী ঠিকানা ও ভোটার রেজিস্ট্রেশন ফ্লোরিডায় স্থানান্তর করেন তিনি। এর উদ্দেশ্য ছিল ওই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যটিতে জয় পাওয়া। এবারের নির্বাচনে ফ্লোরিডা অন্যতম ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে পরিচিত।
সেখানেই শনিবার (২৪ অক্টোবর) আগাম ভোট দিলেন তিনি। এখানে ট্রাম্পকে জয় পেতেই হবে। ফ্লোরিডার প্রায় ৫৩ লাখ ভোটার নিজেদের আগাম ভোট দিয়েছেন বলে জানা গেছে।
ভোট দেওয়ার পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নেন ট্রাম্প। এখানে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ০৩ নভেম্বর হলেও মাসখানেক আগে থেকে আগাম ভোট শুরু হয়। ভোট পাঠানো যায় ডাকযোগেও। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ভোটের দিনের ভিড় এড়াতে অনেকেই এই সুযোগ নিচ্ছেন। এই কারণে স্বাভাবিকভাবেই দেশটির নির্বাচনী ইতিহাসে এবার সবচেয়ে বেশি আগাম ভোট জমা পড়েছে।
এমবি





