ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ ঢাকা আসছেন।
আজ (০৪ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করবেন।
জানা গেছে, সফর শেষে আজই তিনি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, “মোদির এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে প্রত্যাশা করছে ঢাকা।”
এমবি





