রোহিঙ্গা ইস্যুতে ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন এদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।বৃহস্পতিবার সকাল ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, 'রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশ নয়, পাশ্ববর্তী সকল দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ একটি কাজ করেছে।'

তিনি বলেন, 'ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে নেই— এই ধারণাটি ভুল। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতিম দেশ। এজন্য শুরু থেকেই ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে।'রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ভারত সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ জন্য রাখাইন স্টেটে তাদের আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে।

তিস্তা চুক্তি বিষয়ে হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আশা করা যায় বাংলাদেশের এ সরকারের সময়েই তিস্তা চুক্তির সুরাহা হবে।

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশ ও ভারতের মধ্যে বৃহৎ একটি সীমান্ত রয়েছে, যেখানে নানা কারণে অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে থাকে।

আমরা চলতি বছরে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি-বিএসএফ প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে উভয় দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।'

পরে ভারতের হাইকমিশনার ভারতেশ্বরী হোমস পরিদর্শন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

এমআর